আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নারায়ণগঞ্জ জেলা কারাগারের ৭২ জন কারাবন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেলার মো. ফেরদৌস মিঞা।
জানা গেছে, আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কারাগারের ভেতরে স্থাপিত তিনটি বুথে এ ভোটগ্রহণ কার্যক্রম শুরু হবে।
এ বিষয়ে জেলার মো. ফেরদৌস মিঞা জানান, নারায়ণগঞ্জ জেলা কারাগারে বর্তমানে মোট ১ হাজার ৭৭৩ জন বন্দি রয়েছেন। তাদের মধ্যে ৯২ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। তবে এখন পর্যন্ত ৭২ জনের ব্যালট কারাগারে পৌঁছেছে। বাকি ২০ জনের ব্যালট এখনও পৌঁছায়নি।
জেলার জানান, যাদের ব্যালট পৌঁছেছে, তাদের ভোটগ্রহণের জন্য কারাগারের ভেতরে তিনটি গোপন বুথ স্থাপন করা হয়েছে। এর মধ্যে দুটি বুথ পুরুষ ভোটারদের জন্য এবং একটি নারী ভোটারদের জন্য নির্ধারিত। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং এ কার্যক্রম আগামী তিন কার্যদিবস পর্যন্ত অব্যাহত থাকবে। ভোটারদের মধ্যে সাতজন নারী এবং বাকি সবাই পুরুষ।
বাকি ২০টি পোস্টাল ব্যালট পৌঁছালে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তাদের ভোটগ্রহণ পরবর্তী সময়ে সম্পন্ন করা হবে বলেও জানান জেলার।