image

মানিকগঞ্জ-১ আসন

বিএনপির ‘বিদ্রোহী’র পক্ষে প্রচারণায় বহিষ্কার ৫, শোকজ ৯ নেতাকে

সংবাদ অনলাইন রিপোর্ট

দলীয় সিদ্ধান্ত অমান্য করে মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণার অভিযোগে নির্বাচনী এলাকার বিভিন্ন পর্যায়ের যুবদলের পাঁচ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রবিন আহম্মেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ ছাড়া একই অভিযোগে নির্বাচনী এলাকায় বিভিন্ন পর্যায়ের ছাত্রদলের নয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেনের স্বাক্ষরিত অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

বহিষ্কারপ্রাপ্ত যুবদলের নেতারা হলেন, দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. জসিম, চরকাটারি ইউনিয়ন যুবদলের সহসভাপতি আবুল বাসার, জিয়নপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আতোয়ার হোসেন ও আবদুর রহিম এবং বাঘুটিয়া ইউনিয়ন যুবদলের সদস্য মো. হাতেম আলী।

শোকজ পাওয়া ছাত্রদলের নেতারা হলেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শিবালয় ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তুষার মিয়া ও সাবেক যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক, শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি হৃদয় হোসেন, শিবালয় উপজেলার উথলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমির হামজা, আরুয়া ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি মো. সাগর খান, মহাদেবপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিক মিয়া, দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান ও ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান।

জ্যেষ্ঠ নেতারা জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণায় অংশ না করে যুবদলের ওই পাঁচ নেতা দল থেকে বহিষ্কৃত এক বিদ্রোহী প্রার্থীর পক্ষে নিয়মিত প্রচারণা চালিয়ে আসছেন। এ দিকে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে ছাত্রদলের নয়জন নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির মনোনীত প্রার্থীর ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণায় অংশ না করে তাঁরা দল থেকে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীর পক্ষে নিয়মিত প্রচারণা চালিয়ে আসছেন। এসব তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

উল্লেখ্য, মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবীর ও দলের ‘বিদ্রোহী’ প্রার্থী তোজাম্মেল হকসহ সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবু বকর সিদ্দিক, গণঅধিকার পরিষদের মোহাম্মদ ইলিয়অছ হুছাইন, জনতার দলের মোহাম্মদ শাজাহান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খোরশেদ আলম এবং স্বতন্ত্র মো. আব্দুল আলী বেপারী।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি