নির্বাচনী প্রচারণায় আজ বুধবার (৪ ফেব্রুয়ারী) বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে, এদিন দুপুর ১২টায় এই ঐতিহাসিক মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন।
এদিকে, প্রিয় নেতাকে একনজর দেখতে ভোর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন। কেউ কেউ ফজর নামাজ পড়েই ঐতিহাসিক বেলস পার্ক মাঠের দখল নিয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, প্রস্তুতির কোনো কমতি নেই। পূর্ব পাশে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। নারী নেতাকর্মীদের বসার জন্য বাঁশ দিয়ে আলাদা জায়গা ঘেরাও করে সেখানে কলাপাতা বিছিয়ে দেওয়া হয়েছে। পুরো শহর ও সমাবেশস্থল ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুন আর তোরণে।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৮ সালে এই মাঠে নির্বাচনী জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ ১৬ বছর পর সেই একই মাঠে এবার দলটির পরবর্তী প্রজন্মের কাণ্ডারি তারেক রহমানের আগমনে দক্ষিণাঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে। আর তারেক রহমান সর্বশেষ বরিশাল সফর করেছিলেন ২০০৬ সালে।
আন্তর্জাতিক: ঘন ঘন ভূমিকম্প কি বড় বিপদের বার্তা
আন্তর্জাতিক: ফের ভূমিকম্প, এবার কাঁপল সীমান্ত