image

বেলপার্কের জনসভামঞ্চে তারেক রহমান

সংবাদ অনলাইন রিপোর্ট

নির্বাচনী প্রচারণায় বরিশাল নগরের বান্দ রোডের বেলস পার্কের সমাবেশস্থলের মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২টা ২৭ মিনিটে তিনি মঞ্চে পৌঁছান। দলীয় প্রধানের আগমনে সড়কের দুই পাশে ও মাঠে অবস্থিত বিএনপি নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

এর আগে বেলা ১২টায় হেলিকপ্টারে করে তারেক রহমান বরিশাল স্টেডিয়ামে পৌঁছান। সেখান থেকে গাড়িতে করে বেলস পার্কের জনসভাস্থলে আসেন। দীর্ঘ দুই যুগ পর দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে মঙ্গলবার দিবাগত রাত থেকেই বিভাগের বিভিন্ন জেলা ও উপজলা থেকে দলীয় নেতা-কর্মীরা বরিশাল পৌঁছান। ভোর থেকে তারা সভামঞ্চে জড়ো হতে শুরু করেন।

এর আগে সকালেই জনসভার জন্য মাঠ ও মঞ্চ পুরোপুরি প্রস্তুত করা হয়। বেলস পার্কের পূর্ব পাশে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। পুরো শহর ও সমাবেশস্থল ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুন আর তোরণে। নারী নেতা-কর্মীদের বসার জন্য বাঁশ দিয়ে আলাদা জায়গা করে দেওয়া হয়েছে।

বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে জোটসঙ্গীদের জন্য বিএনপি দুটি আসন ছেড়ে দিয়েছে। এর মধ্যে পটুয়াখালী-৪ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর ও ভোলা-১ আসনে বিজেপির আন্দালিব রহমান (পার্থ) প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি ১৯টি আসনে বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ ২০০৮ সালে বেলস পার্কের মাঠে নির্বাচনী জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া। দীর্ঘ ১৬ বছর পর সেই একই মাঠে দলটির পরবর্তী প্রজন্মের কাণ্ডারি তারেক রহমানের আগমনে দক্ষিণাঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে। তারেক রহমান সর্বশেষ বরিশাল সফর করেছিলেন ২০০৬ সালের ১৪ মে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি