image

প্রার্থীর পক্ষে ফেসবুকে প্রচারণায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা

নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

সংবাদ অনলাইন রিপোর্ট

নোয়াখালী-৪ আসনে ধানের শীষের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত ওই কর্মকর্তার নাম মো. আক্তার হোসেন, যিনি পেশায় সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা গেছে, মো. আক্তার হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান সম্বলিত ভিডিও এবং জামায়াতে ইসলামীর বিপক্ষে বিভিন্ন নেতিবাচক পোস্ট শেয়ার করা হয়েছে। ওই আসনে বিএনপি ও জামায়াত উভয়েরই প্রার্থী থাকায় বিষয়টি আরও জটিল রূপ নিয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, নির্বাচনের আগে দায়িত্বশীল পদে থেকে এভাবে কোনো নির্দিষ্ট প্রতীকের পক্ষে প্রচার চালানো অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। তারা দ্রুত এই কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. আক্তার হোসেন ফেসবুকে পোস্ট দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে সশরীরে প্রচারণায় অংশ নেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন। নিজের কাজের জন্য দুঃখ প্রকাশ করে তিনি একে ‘ভুল’ হিসেবে অভিহিত করেছেন এবং ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

এ বিষয়ে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষককে নির্বাচনের সকল দায়িত্ব থেকে তাৎক্ষণিক অব্যাহতি দেওয়া হবে।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলামও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নির্বাচনের সঙ্গে যুক্ত কেউ কোনো প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিলে তার বিরুদ্ধে নির্বাচনী বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি