৪৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের গেজেট থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে নীলফামারীর ডিমলা উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে ডিমলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১১টায় ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের তুহিন বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে স্থানীয়রা।
জানা গেছে, ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের তুহিন বাজার এলাকার বাসিন্দা পাভেল ইসলাম ৪৮ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। তবে পরবর্তীতে প্রকাশিত গেজেটে তার নাম অন্তর্ভুক্ত না থাকায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, যোগ্যতা ও সুপারিশ থাকা সত্ত্বেও পাভেল ইসলামের নাম গেজেট থেকে বাদ দেয়া হয়েছে, যা সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিক। তারা অবিলম্বে বিষয়টি পুনর্বিবেচনা করে তার নাম গেজেটে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে পাভেল ইসলামের নাম পুনরায় যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্তির জন্য জোর দাবি জানানো হয়। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
সারাদেশ: দশমিনায় সেনাবাহিনীর মতবিনিময় সভা