image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বেতাগীতে প্লাস্টিক সামগ্রীর দাপটে পরিবেশ দূষণের ঝুঁকি

প্রতিনিধি, বেতাগী (বরগুনা)

বরগুনার বেতাগী পৌর শহরের সর্বত্র এখন দাপট দেখাচ্ছে নিষিদ্ধ প্লাস্টিক সামগ্রী। বাজার, দোকানপাট, কাঁচাবাজার থেকে শুরু করে রাস্তার পাশের চায়ের দোকান- সবখানেই অবাধে ব্যবহার হচ্ছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক। এতে করে মারাত্মক পরিবেশ ঝুঁকির মুখে পড়ছে পুরো পৌর এলাকা।

সরেজমিন দেখা যায়, পৌর শহরের প্রধান সড়ক, বাসস্ট্যান্ড, হাসপাতাল এলাকা ও হাট-বাজারে কেনাকাটার পণ্য পরিবহনে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে প্লাস্টিক সামগ্রী। খাবার পরিবেশনেও প্লাস্টিকের কাপ, প্লেট ও বোতলের ব্যবহার চোখে পড়ার মতো। ব্যবহারের পর এসব প্লাস্টিক সামগ্রী যত্রতত্র ফেলে দেয়ায় নালা-নর্দমা ভরে যাচ্ছে, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুম এলেই প্লাস্টিকের কারণে পানি নিষ্কাশনে সমস্যা দেখা দেয়। নোংরা পানি জমে থাকায় বাড়ছে ডেঙ্গু ও চর্মরোগসহ নানা রোগের ঝুঁকি। বেতাগী পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের মো. মজিবুর রহমান (৭২) বলছেন, বিকল্প পরিবেশবান্ধব পণ্যের দাম বেশি হওয়ায় তারা বাধ্য হয়ে প্লাস্টিক ব্যবহার করছেন। তবে অনেকেই স্বীকার করেন, যথাযথ তদারকি না থাকায় নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না।

এ বিষয়ে বেতাগী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন বলেন, প্লাস্টিক ব্যবহার রোধে নিয়মিত অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে মাইকিং ও লিফলেট বিতরণের উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি