image
সিরাজগঞ্জ: নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরছে -সংবাদ

যমুনায় নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরায় হুমকির মুখে মৎস্যসম্পদ

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে যমুনায় নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন জাল দিয়ে মাছ ধরার কারণে মৎস্যসম্পদ হুমকির মুখে দাঁড়িয়েছে। সরকারি বিধিনিষেধ অমান্য করে মৎস্যজীবীদের বেপরোয়া মৎস্য নিধন বন্ধে সংশ্লিষ্ট বিভাগের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

স্থানীয় মৎস্যজীবীদের সূত্রে জানা গেছে, বর্তমানে যমুনা নদীতে সরকারি ভাবি নিষিদ্ধ গুলিজাল, কোনাজাল, চায়না দুয়ারী, কারেন্ট জাল এবং ব্যাটারির সাহায্যে বিদ্যুতায়িত করে যমুনায় মাছ শিকার চলছে। এর মধ্যে গুলিজাল এবং ব্যাটারি দিয়ে বিদ্যুতায়িত করে মাছ ধরার কারণে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রজাতির ছোট মাছ অধরা অবস্থায় মারা গিয়ে যমুনার পানিতে মিশে গোলে নষ্ট হচ্ছে। এর বাইরে বিভিন্ন স্থানে যমুনায় সরকারিভাবে নিষিদ্ধ কারেন্ট জাল ও কোনাজাল দিয়ে জাটকা ধরা অব্যাহত রয়েছে।

মৎস্যজীবীদের একটি সূত্রে জানায়, এভাবে যমুনায় মাছ নিধন হলে আগামীতে আর মৎস্যসম্পদ টিকে থাকবে না বলে আশঙ্কা করা হচ্ছে। যমুনা নদীবেষ্ঠিত জেলার বিভিন্ন উপজেলায় এই সব নিষিদ্ধ জাল দিয়ে রাতে মাছ ধরছে জেলেরা।

সিরাজগঞ্জ জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি শফিকুল ইসলাম মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৎস্যসম্পদ রক্ষায় অনতিবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আমজাদ হোসেন জানান, বিষয়টা আমাদের নজরে এসেছে। আমরা পুলিশ নিয়ে ঘটনার স্থলে গিয়ে তাদেরকে নিষেধ করেছি, নিষেধ না শুনলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কাজিপুর উপজেলা উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদ জানান, আমাদের কাছে ব্যাটারিচালিত বিদ্যুতায়িত মৎস্য শিকার বিষয়ে অবহিত হয়েছি, খুব তাড়াতাড়ি এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি