জামালপুরের মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৭নং সিধুলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম তোজাম্মেল হোসেন নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টার দিকে মাদারগঞ্জ-ভাটারা প্রধান সড়কের পলিশা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এসএম তোজাম্মেল হোসেন উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফকরিপাড়া এলাকার মৃত অসি ফকিরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ৭নং সিধুলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তোজাম্মেল মোটরসাইকেলে করে সিধুলী ইউনিয়ন পরিষদ থেকে বালিজুড়ী বাজারের দিকে যাচ্ছিলেন। পলিশা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তার সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
এ বিষয়ে সহকর্মী রেজওয়ান পারভেজ সেমি সংবাদ কে বলেন, সারাদিন ইউনিয়ন পরিষদের কাজ শেষে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন এবং তার পরিবারকে এ শোক সইবার তৌফিক দান করুন।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী সংবাদকে বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত আছি। নিহতের পরিবার এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ সংবাদকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে কাউসার চৌধুরী সংবাদকে বলেন এসএম তোজাম্মেল হোসেনের মৃত্যুর খবর পেয়ে আমি হতবাগ। তিনি একজন নিষ্ঠাবান ও জনপ্রিয় ইউপি সচিব ছিলেন। তার গ্রামের বাড়ি আমার গ্রামে চরপাকেরদহ ফকিরপাড়া। তিনি মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী, এলাকাবাসী ও সাধারণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।