বাণিজ্যিক ও ব্যবসায়িক বিরোধ দ্রুত এবং কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো ৭৩টি বাণিজ্যিক আদালত গঠন করেছে সরকার।
মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে “বাণিজ্যিক আদালত অধ্যাদেশ, ২০২৬” এর অধীনে অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রজ্ঞাপন অনুযায়ী, সারা দেশের জেলা পর্যায় এবং প্রধান মহানগরগুলোতে এসব আদালত গঠন করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরে তিনটি এবং চট্টগ্রাম মহানগরে দুটি বাণিজ্যিক আদালত স্থাপন করা হয়েছে। এ ছাড়া গাজীপুর, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল মহানগরের জন্য একটি করে পৃথক আদালত রাখা হয়েছে। ফলে দেশের বড় বড় সব মহানগর এলাকাতেই বিশেষায়িত বাণিজ্যিক আদালতের সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
ঢাকা মহানগরের তিনটি আদালতের মধ্যে বাণিজ্যিক আদালত-১ এর অধীনে মিরপুর, উত্তরা, পল্লবী ও ক্যান্টনমেন্টসহ সংশ্লিষ্ট ১৭টি থানা রাখা হয়েছে। বাণিজ্যিক আদালত-২ এর অধীনে থাকছে মতিঝিল, গুলশান, বনানী, তেজগাঁও ও ধানমন্ডিসহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলো। আর কোতোয়ালি, লালবাগ, নিউমার্কেট ও পল্টনের মতো এলাকাগুলো থাকবে বাণিজ্যিক আদালত-৩ এর আওতাধীন। এ ছাড়া ঢাকার বাইরের এলাকাগুলোর জন্য আলাদা একটি জেলা বাণিজ্যিক আদালত গঠন করা হয়েছে।
একইভাবে চট্টগ্রামের কোতোয়ালি, বন্দর ও ইপিজেডসহ আটটি থানা নিয়ে বাণিজ্যিক আদালত-১ এবং বাকলিয়া ও খুলশীসহ বাকি আটটি থানা নিয়ে আদালত-২ গঠন করা হয়েছে। ঢাকার বাইরে দেশের প্রতিটি বিভাগীয় শহর এবং জেলা পর্যায়েও একটি করে বাণিজ্যিক আদালত তাদের কার্যক্রম পরিচালনা করবে। ব্যবসায়িক লেনদেন ও বিনিয়োগ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা কমাতে সরকারের এই উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।