image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

শেরপুরে আগুনে ছাই পল্লী বিদ্যুৎ কর্মচারীর বসতবাড়ি

প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

বগুড়ার শেরপুরে অগ্নিকান্ডের ঘটনায় এক পল্লী বিদ্যুৎ কর্মচারীর বসতবাড়ি পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে পৌর শহরের টাউন কলোনি মহল্লায় এই দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত এস এম খোকন শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ইলেকট্রিশিয়ান।

ক্ষতিগ্রস্ত এস এম খোকন জানান, দুপুরে মোবাইল ফোনটি চার্জে দেওয়া অবস্থায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে পাশে থাকা শুকনো কাপড় থেকে আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। আগুনে নগদ ৫০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালংকার, টেলিভিশন, ফ্রিজসহ ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয়রা জানান, আগুন দেখে প্রতিবেশীরা প্রথমে দূর থেকে পানি ঢেলে নেভানোর চেষ্টা করেন। তবে বিদ্যুতের শর্ট সার্কিটের ভয়ে কেউ বাড়ির ভেতরে প্রবেশ করতে সাহস পাননি। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের দুটি ও বগুড়া সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

‘সারাদেশ’ : আরও খবর

» মানিকগঞ্জে যৌথবাহিনীর অভিযানে রিভলবারসহ দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার

সম্প্রতি