পে-স্কেল বাস্তবায়নের দাবীতে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন পালন করেছেন।
গত সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ধনবাড়ী উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালিত হয়। সরকারি কর্মচারী ঐক্য পরিষদ ধনবাড়ীর আয়োজনে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলামের নেতৃত্বে কর্মবিরতি ও মানববন্ধনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, বিদ্যমান বেতন কাঠামো বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সাধারণ ব্যয়ভার বহন ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে দ্রু পে-স্কেল বাস্তবায়ন জরুরী হয়ে পড়েছে।
তাঁরা আরও বলেন, দীর্ঘদিন ধরে পে-স্কেল সংক্রান্ত দাবী বাস্তবায়িত না হওয়ায় কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরী হচ্ছে। দাবী পূরণে কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচীর ঘোষণাও দেন তারা। তবে কর্মসূচীর সময় বিভিন্ন সরকারী দপ্তরের স্বাভাবিক কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হয়।
বক্তব্য দেন, প্রশাসশনিক কর্মকর্তা শফিকুল ইসলাম, উপ-প্রশাসনিক কর্মকর্তা আলমগীর কবীর, উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা আ. কা মোদাচ্ছের আলী, সিএ খন্দকার হারিছুর রহমান, উপজেলা পরিসংখ্যান তদন্তকারী মরিয়ম আক্তার, সার্টিফিকেট পেশকার শাহ আলম, হিসাব রক্ষণ অফিসের অডিটর সোহেল রানা, সমাজ সেবা অফিসের অফিস সহকারী রতন সরকার, নির্বাচন অফিসের ডাটা এন্টি অপারেটর মো: রায়হান, অফিস সহায়ক আবু বকর সিদ্দিক, সুমি খাতুন সহ সকল কর্মচারীসহ অন্যরা।