নির্বাচনের দিন সিনিয়র দায়িত্বরত পুলিশ সদস্যদের বডি ক্যামেরা থাকবে, কেন্দ্রগুলো সিসি ক্যামরার আওতায় থাকবে। আনসার সদস্যরাও সুরক্ষা অ্যাপ ব্যবহার করবে। কোন অঘটন ঘটলে ১০ মিনিটের মধ্যে আপনারা সাপোর্ট টিম পেয়ে যাবেন। আপনারা স্বাধীনভাবে কাজ করবেন, কোন প্রেসার নেবেন না। প্রিজাইডিং অফিসার, আপনারা কেন্দ্রের প্রধান। নির্বচানের দিন আপনারা ডিসি, এসপি, ইউএনওসহ কারো অনৈতিক কথা শুনবেন না। সুন্দর ভোট করতে চাইলে, পরিবেশ সুন্দর রাখতে হবে। সেনাবাহিনী সব সময় সার্পোট দেবে। কোন অনৈতিক কাজ করা যাবে না। প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দেবেন। তারপরও অনৈতিক কাজ করবেন না।
ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের হলরুমে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে কোন আশঙ্কা নেই। যারা ভিউ ব্যবসা করেন, তারা সামাজিক যোগাযোগ মাধ্যম নির্বাচন হবে না, সেটা গুজব ছড়াচ্ছে। গণভোট এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
তিনি প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনের জন্য তিন বাহিনীর প্রধান আমাদের আশ্বস্ত করেছেন, তারা আমাদের সহায়তা করবেন। গণভোট থাকাতে ভোট গণনায় একটু দেরি হতে পারে। তবে আপনাদের সঠিক পরিকল্পনা করে নিলে ৩-৪ ঘণ্টার মধ্যে ভোট গণনা শেষ করা সম্ভব। আগের নির্বাচন সিস্টেম ভুলে যেতে হবে। আমাদের নির্বাচনের যে হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করতে হবে। জুলাই ২০২৪ না আসলে আমরা কথা বলতে পারতাম না। যে সন্তানরা রক্ত দিয়ে গেলেন, তাদের রক্ত কাজে লাগাতে হবে।