মানিকগঞ্জে যৌথবাহিনীর অভিযানে রিভলবারসহ দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার

প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জে যৌথবাহিনীর অভিযানে একটি রিভলবার, পাঁচটি ককটেল বোমা, বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র এবং একটি বৈদ্যুতিক সংযোগযুক্ত বোমা উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত রোববার রাত সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ব্রিজ-সংলগ্ন একটি পরিত্যক্ত স্থানে যৌথবাহিনী অভিযান চালিয়ে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার মহর আলী এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মামুন।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখেছিল সে বিষয়ে তদন্ত চলছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি