নীলফামারীর সৈয়দপুরে প্রতারণা মামলার এক আসামিকে গ্রেপ্তারের সময় মব সৃষ্টি করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যদের ওপর হামলা ও পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে খালেদ মার্কেট এলাকায় ওই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় দায়ের করা একটি প্রতারণা মামলার আসামি মহসিন আলী ওরফে মন্টুকে গ্রেপ্তার করতে পিবিআই নারায়ণগঞ্জ ইউনিটের তিন সদস্যের একটি দল সৈয়দপুরে আসে। আসামি শহরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা এবং শহরের খালেদ মার্কেটে একটি গার্মেন্টস ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা পোশাকে থাকা পিবিআই সদস্যরা ব্যবসা প্রতিষ্ঠান থেকে মহসিন আলীকে আটক করে নিজেদের পিবিআই পুলিশ পরিচয় দেয়। এ সময় আসামি ‘ভুয়া ডিবি পুলিশ’ বলে চিৎকার শুরু করেন। এতে আশপাশের লোকজন জড়ো হয়ে মব সৃষ্টি করে। এ সময় উত্তেজিত জনতার পুলিশের ওপর চড়াও হয়ে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে লোকজন পুলিশের মাইক্রোবাসে ভাঙচুর করে এবং পিবিআই পুলিশ ও চালক গণপিটুনির শিকার হন। হট্টগোলের সুযোগে আটক আসামি মহসিন আলী পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে সৈয়দপুর থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত পিবিআই সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম রেজা জানান, নারায়ণগঞ্জ থেকে পিবিআইয়ের তিনজন এসআই ফতুল্লা থানায় দায়ের করা একটি প্রতারণা মামলার আসামিকে গ্রেপ্তারে সাদা পোশাকে অভিযানে আসেন। আসামি ইচ্ছাকৃতভাবে ভুয়া পুলিশ বলে চিৎকার করে মব সৃষ্টি করে। এতে উত্তেজিত জনতা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় এবং মাইক্রোবাস ভাঙচুর করে। পরে থানা-পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। পরে আহত পিবিআই আহত সদস্যদের সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। এ বিষয়ে মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তার করার জোর অভিযান চলছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল জানান, আমাদের একটি টিম নিয়মিত মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে সৈয়দপুরে মবের শিকার হয়। স্থানীয় পুলিশের দ্রুত সহযোগিতায় টিমটি নিরাপদে উদ্ধার হয়। আসামি গ্রেপ্তারের সময় স্থানীয় লোকজনের উসকানিতেই ওই অনাকাক্সিক্ষত পরিস্থিতির সৃষ্টি হয়।