নির্বাচনী প্রচারণা কার্র্যালয়ে তালা দেয়া, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ এনে বাগেরহাটে সংবাদ সম্মেলন করেছেন জেলার ১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি বিএনপি দলীয় সাবেক এমপি এমএএইচ সেলিম। গতকাল বুধবার বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাব মিলনয়তনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এম.এ.এইচ সেলিম বলেন, আমাকে দল মনোনয়ন দেয়নি। শুধু হিন্দু সম্প্রদায়সহ বাগেরহাটবাসীর অনুরোধে আমি এ নির্বাচনে ১, ২ ও ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। ঘোড়া প্রতীক পেয়ে ২১ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছি। আমি কোন প্রার্থীর বিপক্ষে প্রচার করি না। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সম্প্রতি বিএনপি দলীয় প্রার্থীর সন্ত্রাসীরা দড়াটানা ব্রিজের কাছে নির্বাচনী প্রচারণা অফিসে আগুন দিয়েছে। গতকাল মঙ্গলবার যাত্রাপুর এলাকার একটি অফিসে প্রকাশ্য জনসম্মুখে তালা দিয়েছে। আমার কর্মী-সমর্থকদের মারপিটসহ হুমকি-ধামকি দিচ্ছে। ২০২৪ এর ৫ আগষ্টের পর যারা গরু-ছাগল লুট পাট, জমি ও ঘের দখল করেছে। হাট-ঘাট টোল যারা জোরপূর্বক দখল করেছে। তারাই এখন বিএনপি দলীয় প্রার্থীর পক্ষ নিয়ে আমার নির্বাচনী কাজে বাধা প্রদান করছে। নারী কর্মীদের গালিগালাজ করছে। এ সব বিষয়ে বাগেরহাট পুলিশ সুপারকে আমি জানিয়েছি। তিনি কোন পদক্ষেপ না নিয়ে বলেছেন রিটানিং কর্মকর্তাকে জানাতে। আমি রিটার্নিং কর্মকর্তাকেও জানিয়েছি। কোন ফল হয়নি। তাই উপায়ন্তর না পেয়ে জরুরিভাবে এ সংবাদ সম্মেলন করছি। তিনি অভিযোগ করে আরো বলেন, নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড বাগেরহাটে নাই।
তাই প্রধান নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ উত্থাপন করছি। এ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহাবুবুর রহমান টুটুল, মেহেবুবুল হক কিশোরসহ অন্য কর্মীরা।