আজও কর্মবিরতি চলছে চট্টগ্রাম বন্দরে। শনিবার থেকে শ্রমিক-কর্মচারীদেও ডাকা অনির্দিষ্টকালের এ কর্মবিরতি ৬ষ্ঠদিন আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি)।
এদিকে, এ পরিস্থিতিতে আজ জরুরি সভা ডেকেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।
জানা যায়, বন্দরের সার্বিক কার্যক্রম স্বাভাবিক রাখা, পণ্য খালাস-লোডিং কার্যক্রমে স্থবিরতা নিরসন এবং চলমান অস্থিরতা মোকাবিলায় করণীয় নির্ধারণে এ জরুরি সভা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত শনিবার থেকে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকা এ কর্মবিরতির কারণে বিভিন্ন জেটিতে অবস্থানরত জাহাজ থেকে কনটেইনার ও খোলা পণ্য ওঠানো-নামানোসহ সব ধরনের কাজ বন্ধ আছে। এমনকি বন্দর থেকে আমদানি পণ্যের ডেলিভারি, কনটেইনার হ্যান্ডলিং, জেটিতে জাহাজ আনা-নেওয়া, অফডক থেকে কনটেইনার আনা-নেওয়া এবং বন্দরের ভেতরে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।
উল্লেখ্য, এনসিটির ইজারা ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ গত শনিবার থেকে সোমবার পর্যন্ত তিন দিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করে। পরে সোমবার কর্মসূচি শেষে মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দেন তারা। মঙ্গলবার পুনরায় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন বুধবার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন।
শনিবার প্রথম দিন কর্মবিরতির পর বন্দর কর্তৃপক্ষ আন্দোলনকারী চার জনকে তাৎক্ষণিক বদলি করে। একদিনে কর্মবিরতিতে রাজস্ব ক্ষতি নিরূপণ করতে ছয় সদস্যের একটি কমিটিও করে তারা। রবিবার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আরও ১২ জনকে বদলি করা হয়। সোমবার (২ ফেব্রুয়ারি) আন্দোলনরত আরও ১৫ কর্মচারীকে নতুন করে মোংলা ও পায়রা বন্দরে বদলি করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ বদলির কথা জানানো হয়।
সারাদেশ: দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত