নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) দুবাই ভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মসূচিতে অচল হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর। অচল হয়ে পড়ে বন্দর সচল করতে জরুরি বৈঠকে বসছে বন্দর কর্তৃপক্ষ। সভায় যোগ দিতে এসে শ্রমিক কর্মচারীদের তোপের মুখে পড়েন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে ডাকা বৈঠকে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা থাকছেন। আগের দিন বুধবার (৪ ফেব্রুয়ারি) বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেয় বন্দর কর্তৃপক্ষ। চিঠিতে বলা হয়, বর্তমানে নিউমুরিং টার্মিনাল পরিচালনা করা সিডিডিএলের পরিচালক যেন একজন বা দুইজন শ্রমিককে বৈঠকে পাঠান।
এনসিটি ইজারা দেওয়ার প্রতিবাদে গত ৩১ জানুয়ারি থেকে টানা তিন দিন ৮ ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।এরপর ৩ ফেব্রুয়ারি সকাল থেকে শুরু হয় ২৪ ঘণ্টার সর্বাত্মক কর্মবিরতি। ৩ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে শুরু হওয়া ২৪ ঘণ্টার কর্মবিরতির পর ৪ ফেব্রুয়ারি সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মসূচিতে রূপ নেয়। ফলে বন্দরের সব ধরনের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। আমদানি পণ্য খালাস ও রপ্তানি পণ্য জাহাজীকরণের জন্য আসা হাজার হাজার ট্রাক আটকা পড়ে।
বন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলন আরও কঠোর হয়ে গেছে। আন্দোলনকারীরা বিভিন্ন প্রবেশদ্বারে অবস্থান নিয়ে ট্রাফিক, ইলেকট্রিকাল, মেকানিক্যাল ও অন্যান্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের বন্দরে প্রবেশে বাধা দিচ্ছেন।
বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার অতিরিক্ত পরিচালক, বিজিবি আঞ্চলিক কমান্ডার, চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, কোস্ট গার্ডের জোনাল কমান্ডার ও নেভি ইন্টেলিজেন্সের কর্মকর্তাদের বৈঠকে থাকতে বলা হয়েছে। বৈঠকে অচল বন্দর সচল করার সিদ্ধান্ত আসতে পারে।
সারাদেশ: দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত