নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে পথসভায় অংশ নেওয়া নেতাকর্মীদের জন্য খিচুড়ি ভোজের আয়োজনের অভিযোগে জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের বিএনপি প্রার্থী আব্দুল বারীকে দ্বিতীয় দফায় শোকজ করা হয়েছে।
গত মঙ্গলবার এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সিনিয়র সিভিল জজ ফয়সাল আহমেদের স্বাক্ষরিত চিঠিতে তাকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়। নোটিসে আগামী ৮ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট আদালতে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে গত ১১ জানুয়ারি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর অভিযোগে তাকে প্রথম দফায় শোকজ করা হয়েছিল।
অনুসন্ধান কমিটির সূত্র জানায়, গত সোমবার ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী আব্দুল বারীর পথসভা ও গণসংযোগ কর্মসূচি ছিল। ওই কর্মসূচিতে আগত লোকজনের আপ্যায়নের জন্য ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমানের বাড়িতে বড় তিনটি পাতিলে খিচুড়ি রান্না করা হচ্ছিল।
খবর পেয়ে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্যরা সেখানে অভিযান চালান। কমিটির উপস্থিতি টের পেয়ে রান্নার কাজে নিয়োজিত ব্যক্তিরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে রান্না করা তিন পাতিল খিচুড়ি এবং রান্নার অপেক্ষায় থাকা চাল, ডাল, তেল ও বিভিন্ন মসলা জব্দ করা হয়।
পরে জব্দ করা খাবার ও সামগ্রী স্থানীয় বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করে দেয় কমিটি।
শোকজ নোটিসে উল্লেখ করা হয়েছে, নির্বাচনের সময় ভোটারদের খাবার পরিবেশন করে প্রভাবিত করার চেষ্টা ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’-এর ৭৩ (ক) অনুচ্ছেদ এবং নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। নির্ধারিত সময়ে হাজির হয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে প্রার্থীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি প্রার্থী আব্দুল বারী শোকজ নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, খিচুড়ি রান্নার বিষয়টি সম্পর্কে তিনি আগে থেকে কিছুই জানতেন না। তাকে বিতর্কিত করতে কেউ ইচ্ছাকৃতভাবে এমন কাজ করে থাকতে পারে বলেও দাবি করেন তিনি। নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে কমিটির কাছে লিখিত ব্যাখ্যা দেবেন বলেও জানান।