image
ছবিঃ সংগৃহীত

যশলদিয়া উচ্চবিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত

প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার যশলদিয়া উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আন্তঃশ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে এ উৎসব অনুষ্ঠিত হয়।

পিঠা উৎসবের উদ্বোধন করেন লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বাসিত সাত্তার। উদ্বোধন শেষে উৎসবটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

উৎসবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা আলাদা আলাদা অস্থায়ী দোকান স্থাপন করে। এসব দোকানে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা পুলির পাশাপাশি বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হয়। পুলিপিঠা, চিতই পিঠা, পাটি সাপটা, কাটা পিঠা, ভাপা পিঠাসহ নানা ধরনের দেশীয় পিঠার সমাহার ছিল এই উৎসবে। পাশাপাশি শিক্ষার্থীরা কিছু বৈদেশিক খাবারও প্রদর্শন ও বিক্রি করে।

উৎসবে অংশ নেয়া এক অভিভাবক বলেন, বর্তমান প্রজন্মের শিশুরা মূলত ফাস্টফুড ও বৈদেশিক খাবারে অভ্যস্ত হয়ে উঠছে। তারা আমাদের দেশীয় খাবার, বিশেষ করে পিঠা-পুলি সম্পর্কে খুব একটা জানে না। এ ধরনের আয়োজন হলে শিশুরা দেশীয় খাবারের সঙ্গে পরিচিত হবে। তাই এমন পিঠা উৎসব নিয়মিত আয়োজন করা প্রয়োজন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান খান বলেন, আমাদের দেশীয় পিঠাপুলি আজ বিলুপ্তির পথে। নতুন প্রজন্ম ধীরে ধীরে এই ঐতিহ্য থেকে দূরে সরে যাচ্ছে। শিক্ষার্থীদের হাতে-কলমে দেশীয় পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দেয়া এবং আমাদের লোকজ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যেই এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা নিজেরাই পিঠা তৈরি, উপস্থাপন ও বিক্রির মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে, যা তাদের সৃজনশীলতা ও সংস্কৃতিবোধ গড়ে তুলতে সহায়ক হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি