image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বাগাতিপাড়ায় দাওয়াতি কার্যক্রমে হামলা, জামায়াত কর্মী আহত

প্রতিনিধি, বাগাতিপাড়া (নাটোর)

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় দাওয়াতি কার্যক্রম চলাকালে হামলায় জামায়াতে ইসলামীর এক কর্মী গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার রাত আনুমানিক ১১টার দিকে সদর ইউনিয়নের কোয়ালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মো. ইব্রাহিম আলী সরকার (৫২)। তিনি কোয়ালীপাড়া গ্রামের বাসিন্দা। হামলার অভিযোগ উঠেছে সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের যোগীপাড়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে নাজমুল হকের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত নাজমুল হক নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সমর্থক। জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ ফেব্রুয়ারি নাটোরে অনুষ্ঠিতব্য সমাবেশকে সামনে রেখে দাওয়াতি কার্যক্রম পরিচালনার সময় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দেশীয় অস্ত্র দিয়ে ইব্রাহিম আলী সরকারের ওপর হামলা চালানো হয়। এতে তার বাম হাতের বাহুতে গুরুতর জখম হয়। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার হাতে ছয়টি সেলাই দেন। আহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, তারা বাগাতিপাড়া মডেল থানায় উপস্থিত হয়ে মৌখিক অভিযোগ করেছেন এবং লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, ঘটনার বিষয়ে তিনি অবগত নন। অভিযুক্ত ব্যক্তি তার দলের কর্মী বা সমর্থক কিনা, সেটিও তিনি নিশ্চিত করতে পারেননি।

বাগাতিপাড়া মডেল থানার ডিউটি অফিসার মাহমুদুল হাসান বলেন, অভিযোগকারীরা থানায় এসেছিলেন। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» টাঙ্গাইল-৬ দেলদুয়ার ৫৮টি ভোটকেন্দ্রের ৪৭টিই ঝুঁকিপূর্ণ

সম্প্রতি