নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নির্বাচন চলাকালীন যাতে সীমান্ত দিয়ে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে বিজিবি বান্দরবান সেক্টর অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে। এ ছাড়া সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সব প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে। গত মঙ্গলবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজিবি বান্দরবান সদর দপ্তর কর্তৃক আয়োজিত প্রেস কনফারেন্সে এ কথা বলেন বিজিবি বান্দরবান সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল। তিনি বলেন, ঝুঁকি বিবেচনায় বিজিবি বান্দরবান সেক্টর মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এ ছাড়া বিজিবি বান্দরবান সেক্টরের ৫ প্লাটুন রিজার্ভ ফোর্স হিসেবে বিভিন্ন উপজেলায় মোতায়েন থাকবে। মোতায়েন থাকবে বিজিবি সদর দপ্তরের বিশেষায়িত ক-৯ ডগ স্কোয়াড ইউনিট। ৩৮ বিজিবি বলিপাড়ার জোন কমান্ডার লে. কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, উপঅধিনায়ক মেজর মো. ইমামুল আজিমসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নির্বাচনকালীন দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। মঙ্গলবার নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসকেএম কফিল উদ্দিন কায়েস। এ সময় তিনি বলেন, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। নির্বাচন সংক্রান্ত ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। লে. কর্নেল কফিল উদ্দিন কায়েস আরও বলেন, আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করছি, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়। ভোটাররা যেন ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এ লক্ষ্যেই অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করা হচ্ছে।
আন্তর্জাতিক: ভেনেজুয়েলায় মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
আন্তর্জাতিক: এরদোয়ান-সিসি বৈঠক: অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর