কক্সবাজারের টেকনাফে নির্বাচনী প্রচারণার সময় অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে এক কিশোরী ও দুই শিশুসহ অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন বাজারে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, রোহিঙ্গা ‘সন্ত্রাসীরা’ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধানের শীষের প্রচারণায় এই গুলি চালিয়েছে। তবে পুলিশ বলছে, ঘটনার নেপথ্যে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
আহতদের পরিচয় ও অবস্থ: গুলিবিদ্ধ পাঁচজনের মধ্যে তিনজন স্থানীয় বাংলাদেশি নাগরিক ও দুজন রোহিঙ্গা শরণার্থী। আহতদের মধ্যে হ্নীলা ইউনিয়নের মোছনী গ্রামের বাসিন্দা নুসরাত জান্নাত (১৬) পিঠে গুলিবিদ্ধ হয়েছেন। আলীখালী গ্রামের বাসিন্দা শাহাব উদ্দিনের (১২) কোমরে গুলি লেগেছে। আহত অন্যরা হলেন, মোছনী গ্রামের বাসিন্দা বাচা মিয়া (৪৫), মোহাম্মদ জিসান (১৩) ও আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবদুর রহমান (২৭)।
আহতদের দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে নুসরাত জান্নাত ও শাহাব উদ্দিনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টেকনাফ থানা পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, এর পেছনে ভিন্ন কোনো কারণ থাকতে পারে। তবে নির্দিষ্ট করে কাউকে এখনো অভিযুক্ত করা হয়নি। শুক্রবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো আটকের খবর পাওয়া যায়নি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে এমন হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিএনপি নেতাদের দাবি, ভোটারদের মনে ভয় ধরাতেই এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে সাধারণ মানুষ রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় এমন সশস্ত্র হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ