চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, শহীদদের রক্তের সঙ্গে কোনো প্রতারণা করা যাবে না। সবার সামনে সুযোগ এসেছে নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের মধ্য দিয়ে তাদের ঋণ শোধ করার। নির্বাচনে যারা দায়িত্বে থাকবেন তারা নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার মধ্য দিয়ে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে হবে। নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তায় পর্যাপ্ত ফোর্স মোতায়েন থাকবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা ও গাফিলতি মেনে নেয়া হবে না। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় রাউজান সরকারি কলেজ মিলনায়তনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এসএম রাহাতুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার চট্টগ্রামের উপপরিচালক গোলাম মাঈনুদ্দিন হাসান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ, চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সিরাজুল ইসলাম পিপিএম, রাউজান বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মেজর ফারহাত আন নাঈম, রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, রাউজান উত্তর আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন গালিব, আনসার বিডিপি চট্টগ্রাম জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট ফরিদা পারভিন সুলতানা, র্যাব-৭-এর ডেপুটি এসিস্ট্যান্ট ডিরেক্টর এমডি নুরুল আলম।
অনুষ্ঠানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ রাউজান আসনের ৯৫টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসাররা উপস্থিত ছিলেন।