মাঘ মাস শেষ হতে দিন কয়েক বাকি। কিন্তু এখনও শীতের দাপট খুব একটা কমেনি। দেশের বিভিন্ন এলাকায় শীত এখনও জনজীবনে কিছুটা দুর্ভোগ ছড়িয়ে দিচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের ৪ জেলায় গত দু’দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ পর্যন্ত এ মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস আভাস দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মাঘের শেষের দিকে এসে মৌলভীবাজার, পঞ্চগড়, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ওই চার জেলার তাপমাত্রারও খুব একটা তারতম্য নেই। তবে আগামী সোমবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার, (০৬ ফেব্রুয়ারী ২০২৬) ভোর ৬টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস; আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, জানুয়ারিতে শীত বিদায় নিলেও ফেব্রুয়ারির শুরুতে একটি মৃদু শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ফেব্রুয়ারির শেষদিকে এক বা দুই দিন বজ্রবৃষ্টি বা শীলাসহ বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের একমাস মেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। মাসের প্রথমার্ধে দেশের নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে।
এছাড়া আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার থেকে মঙ্গলবার (আগামী) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ দিনগুলোতে ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার (আজ) রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রোববার (আগামীকাল) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী সোমবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং মঙ্গলবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর।