বাগেরহাটের মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়নে এক বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের লক্ষাধিক টাকার মাছ জোরপূর্বক লুট করে নিয়ে গেছে দুবৃর্ত্তরা।
বাধা দিলে হামলাকারীদের মারপিটে হাফিজুল মৃধা (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়। আহতকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ওই বৃদ্ধ কৃষকের ছেলে হুমাউন বেপারি বাদী হয়ে নাজমুল বেপারিসহ ৫ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের বৃদ্ধ কৃষক আবু হানিফ বেপারি তার কবলাকৃত দেড় বিঘা জমিতে ১৫/২০ বছর ধরে মৎস্য ঘের করে জীবিকা নির্বাহ করে আসছে। ঘটনার দিন গত সোমবার সকালে একই গ্রামের তার ভাতিজার ছেলে নাজমুল বেপারির নেতৃত্বে বহিরাগত ১০/১৫ জনের সংঘবদ্ধ দল তার মৎস্য ঘেরে হামলা করে ঘেরে থাকা গলদা চিংড়ি ও বিভিন্ন প্রজাতির সাদা মাছসহ লক্ষাধিক টাকার মাছ জোরপূর্বক ধরে নিয়ে জায়।
এ সময় হামলাকারীদের বাধা দিলে ওই বৃদ্ধ কৃষকের নাতি হাফিজুল মৃধাকে পিটিয়ে আহত করে হামলাকারীরা। এ ঘটনার পরপরই স্থানীয় লোকজন গুরুতর আহতকে চিকিৎসার জন্য মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করে।
শুক্রবার, (০৬ ফেব্রুয়ারী ২০২৬) ভুক্তভোগী বৃদ্ধ কৃষক আবু হানিফ বেপারি ও তার স্ত্রী আকলিমা বেগম বলেন, নাজমুল বেপারি সর্ম্পকে ভাতিজা, এলাকার বহিরাগত ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে আমাদের ঘেরে হমালা করে জোরপূর্বক মাছ ধরে নিয়ে যায়। এর পূর্বে আরও একবার তারা মাছ ধরে নিয়েছে।
এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় বারবার আমাদের ওপর অত্যাচার করা হচ্ছে। অভিযোগ দিয়েও কোনো বিচার পাই না। এবারও লক্ষাধিক টাকার মাছ নিয়ে গেছে। থানায় অভিযোগ দিয়েছি। পুলিশ ঘটনাস্থলে এসে দেখে গেছেন। আমরা প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই। গরিবের ওপর কেন বারবার অত্যাচার।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফাড়ি ইনচার্জ এস আই মো. তমিজ উদ্দিন বলেন, আবু হানিফ বেপারি ও তার ভাইয়ের জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ রয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে উভয়পক্ষকে ডাকা হয়েছিল, স্থানীয় পর্যায়ে বিষয়টি মীমাংসার জন্য সময় নিয়েছেন দুইপক্ষের লোকজন।
এ বিষয়ে নাজমুল বেপারি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কারও ঘেরের মাছ ধরেননি। ওই ঘেরের ভেতর তাদের জমি রয়েছে। তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ দায়ের করেছেন আবু হানিফ।