image

দুই জেলায় দুর্ঘটনায় নিহত ৫ জন

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর ও প্রতিনিধি, মুন্সিগঞ্জ

রংপুর ও মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ জন। রংপুরে যাত্রীবাহী নাইট কোচ ও ট্রাকের সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। এছাড়া মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

রংপুর নিজস্ব বার্তা পরিবেশক জানান, রংপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী নাইট কোচ ও ট্রাকের সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। শুক্রবার,( ০৬ ফেব্রুয়ারী ২০২৬ ভোর সাড়ে ৪টার দিকে পীরগঞ্জ উপজেলা সদরের কাছে পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। বড়দরগা হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে রংপুরগামী হানিফ এন্টারপ্রাইজের একটি নাইট কোচ রংপুরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পীরগঞ্জ উপজেলা সদরের রংপুর-ঢাকা মহাসড়কের পাশে আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে নাইট কোচের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে নাইট কোচের যাত্রী রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকার বাসিন্দা আব্দুল রাজ্জাক হওলাদার (৪০) ও ঢাকার গাজীপুরের রাহিমা আক্তার মুন্নি (৩২) নিহত হয়। আহত হয় অন্তত ১৫ জন। এদের সবাই নাইট কোচের যাত্রী। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থলে এসে নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রায় দেড় ঘণ্টা রংপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এ ব্যাপারে হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে হানিফ এন্টারপ্রাইজের চালক ও সুপারভাইজার পলাতক রয়েছে। তিনি আরও জানান, নাইট কোচ ও ট্রাক আটক করা হয়েছে।

এছাড়া মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার দরজারপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান সানিয়াত (৩২) ও সাকিব (৩০)। গুরুতর আহত অবস্থায় তুজ্জ (৩০) নামের অন্যজনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টার দিকে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি

Sangbad Image

অর্থ-বাণিজ্য: আবার বাড়লো সোনার দাম