ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে বশির মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় নারী ও শিশুসহ আরও অন্তত ১০ জন আহত হন। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
শুক্রবার,( ০৬ ফেব্রুয়ারী ২০২৬) দুপুর তিনটার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের লম্বা হাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বশির মিয়া ওই গ্রামের হিলাল উদ্দীনের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, খাগালিয়া গ্রামের লম্বা হাটি এলাকায় সরকারি খাস জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
সম্প্রতি আলমগীর মিয়া নামে এক ব্যক্তি সরকার থেকে জমি ক্রয় করেছেন দাবি করে সেখানে সীমানা নির্ধারণের কাজ শুরু করেন। এ নিয়ে প্রতিপক্ষ কুতুবের বাড়ির নারীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে বশির মিয়া গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পক্ষের আহতরা হলেন- কারিমা আক্তার, চানবানু, আশেদা আক্তার, খায়রুন্নেছা, সাইমা আক্তার, পুতুল আক্তার, নুরুন্নাহার বেগম, তাসলিমা বেগম, জুলহাস মিয়া ও বশির মিয়া।
নিহতের ভাতিজি খায়রুন্নেছা বলেন, ‘দুপুরে আমাদের বাড়ির সবাই জমিতে কাজ করতে যায়। কিছু বুঝে ওঠার আগেই আলমগীর মিয়া তার লোকজন নিয়ে সরকারি জায়গা দখল করতে আসে। আমরা বাধা দিলে তারা আমাদের বাড়ির সব মেয়েদের নির্যাতন করে। পরে আমার চাচা বাঁচাতে আসলে তাকে গলায় শ্বাসরোধ করে হত্যা করা হয়।’
নাসিরনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, ‘পূর্ব বিরোধের জের ধরে সরকারি খাস জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।’
অর্থ-বাণিজ্য: শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১৫ শতাংশ
অর্থ-বাণিজ্য: আবার বাড়লো সোনার দাম