পুলিশ লাইন থেকে রেশন নিয়ে ফেরার পথে মাগুরা শহরের পারনান্দুয়ালী নবগঙ্গা ব্রিজে ট্রাকচাপায় মারা গেছেন পুলিশ সদস্য বাদশা মোড়ল (২৬)। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নবগঙ্গা ব্রিজের কাছে বাদশার মোটরসাইকলে দ্রুতগামী ট্রাক চাপা দিয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত বাদশা মোড়ল সাতক্ষীরা জেলার আইলিয়া গ্রামের ওমর আলীর ছেলে। তিনি মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ক্যাম্পে কর্মরত ছিলেন। তার কনস্টেবল নম্বর ৬৭০।
মাগুরার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, দুপুরে পুলিশ লাইন থেকে রেশন নিয়ে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে ফিরছিলেন বাদশা। নবগঙ্গা ব্রিজের কাছে পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তার মোটরসাইকেলকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে আহতাবস্থায় বাদশাকে পথচারীরা উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া ঝরা তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর পরই ঘাতক ট্রাক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ তার সন্ধান ও চালককে আটক করার চেষ্টা চালাচ্ছে। পুলিশ সদস্যের অকাল মৃত্যুতে সহকর্মী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ আইনি প্রক্রিয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করার কার্যক্রম চলছে।
অর্থ-বাণিজ্য: শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১৫ শতাংশ