image
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) : দাওয়াতুল ঈমান মডেল বিজ্ঞান কারিগরি দাখিল মাদ্রাসা ভবন ও ক্ষতিগ্রস্ত রাস্তা -সংবাদ

দাওয়াতুল ঈমান মডেল বিজ্ঞান কারিগরি দাখিল মাদ্রাসার শিক্ষক ও ভবন সংকটে

প্রতিনিধি, চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী)

নোয়াখালীর চাটখিল উপজেলার আফসারখিল দাওয়াতুল ঈমান মডেল বিজ্ঞান কারিগরি দাখিল মাদ্রাসাটি প্রয়োজনীয় শিক্ষক ও ভবনের সংকট থাকায় নিয়মিত পাঠদানে ব্যহত হচ্ছে। এ ছাড়া মাদ্রাসায় যাতায়াতের দুপাশে দুটি রাস্তা গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। রাস্তা দুটি এখনও সংস্কার না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা মাদ্রাসায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তা দুটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।

স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা যায়, বিগত ২০০৩ সালে আফসারখিল গ্রামের লন্ডন প্রবাসী জাস্টিস মো. হাবীবুল্লাহ এলাকাবাসীকে শিক্ষার আলোতে আলোকিত করার লক্ষ্যে এ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে তিনি প্রবাসে থেকেও সার্বক্ষণিক প্রতিষ্ঠানটি তত্ত্বাবধান করেন এবং সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সুমামের সঙ্গে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। গত ২০২২ সালে প্রতিষ্ঠানটি এমপিভুক্ত হয়। এমপিওভুক্তি হওয়ার পর থেকে অদ্যাবধি প্রয়োজনীয় শিক্ষক না থাকায় ও ভবন সংকটের কারণে শিক্ষা কার্যক্রম বিঘিœত হচ্ছে। ১৭টি শিক্ষক পদের মধ্যে বর্তমানে ১৩টি শূন্যপদ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানটির সুনামে আকৃষ্ট হয়ে ইতোমধ্যে শিক্ষার্থীর সংখ্যা ৫ শতাধিক হয়েছে। এসব শিক্ষার্থীদের পাঠদানে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও একটি ভবন জরুরি ভিত্তিতে একান্ত প্রয়োজন।

বর্তমানে শূন্য পদের বিপরীতে কয়েকজন অতিথি শিক্ষক দ্বারা মাদ্রাসাটিতে পাঠদান চলছে। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে আবাসিক হিফজ বিভাগে ১৫০ জন ছাত্রছাত্রী রয়েছে। এ ছাড়া মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা জাস্টিস মো. হাবীবুল্লাহ এলাকার মানুষকে স্বাস্থ্যসেবা দেয়ার জন্য আফসারখিল গ্রামে আল-হাবিব নামে একটি ক্লিনিক গড়ে তুলেছেন। প্রতিনিয়ত এলাকাবাসী এখানে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিচ্ছেন। উল্লেখ্য, গত ২০২৪ সালের বন্যার সময় মাদ্রাসা ভবনকে এলাকার মানুষের আশ্রয়কেন্দ্র হিসেবে উন্মুক্ত করে দেয়া হয়।

এই ব্যাপারে জাস্টিস মো. হাবীবুল্লাহসহ এলাকাবাসী প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টাসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন। এ ছাড়া এলাকাবাসী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপজেলা পরিষদসহ ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট রাস্তা দুটি মেরামতের জন্য জোর দাবি জানান।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার আফসারখিল মিজি বাড়ির মরহুম মৌলভী সাখায়েত উল্যার বড় ছেলে মো. হাবীবুল্লাহ এলাকা ছাড়াও দেশ-বিদেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

তিনি বৃটেনে বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে মানবকল্যাণে কাজ করে যাচ্ছেন। মানব কল্যাণে বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরূপ বৃটেন সরকার তাকে ‘ব্রিটিশ এডুকেশন অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান করেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি