বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রাম থেকে মোহনা আক্তার (১৪) নামের এক কিশোরী নিখোঁজ হওয়ার ৭ দিন পরও তার সন্ধান মেলেনি। গত রোববার বিকেলে তার নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাকে আর খুঁজে পায়নি পরিবারের লোকজন। পরিবার ও গ্রামবাসী জানায় মোহনা কিছুটা বুদ্ধিপ্রতিবন্ধী। এ ঘটনায় পরদিন সোমবার কিশোরীর বাবা শাহিদ হোসেন আদমদীঘি থানায় একটি সাধারন ডাইরী দায়ের করেন।
মোহনার বাবা শাহিদ জানান, মোহনা ঘটনার দিন বাড়িতেই ছিল। বিকেলের দিকে কোন এক সময় সে বাড়ি থেকে বের হয়ে গ্রামের পাশে খালের ধারে যায়। এরপর সন্ধা গড়িয়ে গেলেও সে আর বাড়ি ফিরে না আসলে পরিবারে সদস্যারা তাকে সন্ধান শুরু করে। অনেক রাত পর্যন্ত বিভিন্ন স্থানে ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করে তাকে আর খুজে পাওয়া যায় নি। পরের দিন ও তাকে অনেক স্থানে খোঁজ করে তার সন্ধান মেলেনি।
শাহিদ হোসেন বলেন, তার মেয়ের বুদ্ধি একটু কম, তবে কথাবার্তা স্বাভাবিক। তিনি আরও বলেন, মেয়েকে হারিয়ে পরিবারের সদস্যদের মধ্যে আতংক ও শংকা বিরাজ করছে। এ ঘটনায় মোহনার বাবা গত সোমবার আদমদীঘি থানায় একটি সাধারন ডায়েরি দায়ের করেছেন। আদমদীঘি থানার উপপরিদর্শক বাবুল আক্তার জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়েটির সন্ধানে পুলিশ তৎপরতা শুরু করেছে। তিনি বলেন, আশা করছি দ্রুত মেয়েটির সন্ধান মিলবে