image

নরসিংদী-২ আসনে সারোয়ার তুষারের মিছিলে একতাবদ্ধ জামায়াতের প্রার্থী

প্রতিনিধি,পলাশ (নরসিংদী)

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনে এতদিন প্রার্থী ছিল ছয়জন। নির্বাচনে ১১ দলীয় জোট হতে মনোনয়ন পায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোলাম সারোয়ার তুষার; যিনি তারুণ্যের প্রতীক হিসেবে প্রচারণায় চষে বেড়াচ্ছেন গ্রামের পর গ্রাম। এরই মধ্যেই ২৯ জানুয়ারি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলটির মুখপাত্র আসিফ মাহমুদ ঘোড়াশালে এক সমাবেশে তুষারের সমর্থনে বক্তব্য রাখেন।

এদিকে ১১ দলীয় ঐক্যজোটের অন্যতম প্রার্থী জামায়েতে ইসলামীর মাওলানা আমজাদ হোসাইন যথাসময়ে প্রার্থিতা প্রত্যাহার করতে পারেননি, তাই গত শুক্রবার সারোয়ার তুষারকে সমর্থন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা আমজাদ হোসেন। সারোয়ার তুষারের শাপলা কলি মার্কার পক্ষে গত শুক্রবার নির্বাচনী মিছিলে অংশ নেন জামায়াতের এই নেতা। মিছিলটি উপজেলা জামায়াতের কার্যালয় থেকে শুরু হয়ে বিআইডিসি মোড় প্রদক্ষিণ করে পলাশ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। আমজাদ হোসেন ও সারোয়ার তুষার ছাড়াও ১১ দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা মিছিলে অংশ নেন। ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী আসন সমঝোতার ভিত্তিতে নরসিংদী-২ আসনটি এনসিপিকে ছেড়ে দেয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে জামায়াতের প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করতে পারেননি এ কারণে স্থানীয় ভোটারদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। তবে গতকাল সারোয়ার তুষারকে আমজাদ হোসেনের প্রকাশ্য সমর্থনের মধ্যদিয়ে সেই বিভ্রান্তি দূর হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী ও সাধারণ জনগণ। এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনের ব্যালট পেপারে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর জন্য দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ না রাখার জন্য আবেদন জানায় দলটি। গত ২৩ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বরাবর পাঠানো চিঠিতে এ আবেদন জানানো হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নরসিংদী-২ আসনে নিজস্ব প্রার্থী মনোনয়ন দিয়েছিল। তবে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সমঝোতার ভিত্তিতে ওই আসনটি এনসিপি প্রার্থী সারোয়ার তুষারকে ছেড়ে দেয়া হয়। তবে জামায়াত মনোনীত প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে না পারায় সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারে দাঁড়িপাল্লা প্রতীক থেকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ কারণে বিভ্রান্তি এড়াতে এবং রাজনৈতিক সমঝোতা বাস্তবায়নের স্বার্থে নরসিংদী-২ আসনের ব্যালট পেপারে জামায়াতের প্রতীক না রাখার অনুরোধ জানানো হয়।

আমজাদ হোসেন ও গোলাম সারোয়ার তুষার একতাবদ্ধ হওয়ায় ১১ দলীয় প্রার্থীর সমর্থক বেড়ে গেছে বলে অনেকে ধারণা করছেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি