নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দীনেশগঞ্জ বাজারে নোয়াখালী-৩,বেগমগঞ্জ আসনের ১১-দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের একটি নির্বাচনী ক্যাম্পে (অফিস) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ক্যাম্পে থাকা কয়েকটি চেয়ার, টেবিল ও একটি অটোরিকশা পুড়ে গেছে। গতকাল শনিবার ভোরে বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দীনেশগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নোয়াখালী-৩, বেগমগঞ্জ আসনের ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের নির্বাচনী প্রচারের জন্য দীনেশগঞ্জ বাজারে একটি নির্বাচনী ক্যাম্প দেয়া হয়। শনিবার ভোরে ওই ক্যাম্পটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলে। এ সময়ের মধ্যেই নির্বাচনী প্রচার কাজে অফিসে থাকা একটি অটোরিকশা ও কয়েকটি চেয়ার-টেবিল পুড়ে যায়। ঘটনাটি বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি দুর্বৃত্তরা ঘটিয়েছে সেটি নিশ্চিত হতে পারেনি তারা। এ ব্যাপারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ইউনিট এর রসুলপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক ফয়সাল জানান, অফিসটি তার তত্ত্বাবধানে ছিল।
অফিসে থাকা অটোরিকশাটির মালিকও তিনি। অগ্নিকা-ের বিষয়টি সুপরিকল্পিত এবং রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে অভিযোগ করেন তিনি।
বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখে তদন্তপূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে