চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোহাম্মদ সুমন (২৬)। গত শুক্রবার সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের সারাশিয়া খাজা গরীবে নেওয়াজ মাজার গেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সারাশিয়া গ্রামের দরগাহ ভিটা এলাকার বাসিন্দা সুমন গত বৃহস্পতিবার রাতে তার এক ফুফাতো ভাইয়ের মেয়ের বিয়ে-সংক্রান্ত একটি ঘরোয়া বৈঠকে অংশ নেন। রাত ৯টার দিকে বৈঠক শেষ হলে সবাই বাড়ি ফিরে গেলেও তিনি আর বাড়িতে ফেরেননি। পরদিন সকালে স্থানীয়রা মাজার গেটের সামনে তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। নিহতের বড় ভাই মোহাম্মদ রুবেল জানান, ভোরে এক নারী এসে তাদের বাড়িতে খবর দেন যে খাজা গরীবে নেওয়াজ মাজার গেটের সামনে সুমনের মরদেহ পড়ে আছে। তিনি বলেন, সুমন কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন এবং কারও সঙ্গে তার শত্রুতা ছিল বলে তাদের জানা নেই।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।হত্যাকা-ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।