image

ভোটকেন্দ্রে ধূমপান নিষিদ্ধ; কঠোর ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ ইসির

সংবাদ অনলাইন রিপোর্ট

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রগুলোকে সম্পূর্ণ ‘ধূমপানমুক্ত’ এলাকা হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রগুলোতে এই সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলামের সই করা এক চিঠিতে এই নির্দেশনার কথা জানানো হয়। সম্প্রতি দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি ভোটদান চলাকালীন ভোটকেন্দ্রের সীমানার ভেতর কেউ ধূমপান করতে পারবেন না। এই সিদ্ধান্ত নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।

নির্বাচনী পরিবেশ স্বচ্ছ রাখা এবং ভোট দিতে আসা জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু ভোটকেন্দ্র হিসেবে মূলত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি স্থাপনা ব্যবহৃত হয়, তাই সেই প্রাঙ্গণগুলোতে স্বাস্থ্যবিধি ও তামাক নিয়ন্ত্রণ আইন বজায় রাখা জরুরি বলে মনে করছে ইসি।

ইতোমধ্যেই সারা দেশে ভোটের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় ইসির এই ‘ধূমপানমুক্ত কেন্দ্র’ ঘোষণা এক নতুন মাত্রা যোগ করল।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি