image
ঝালকাঠি : সদর হাসপাতালের সংক্রমক ভবনের সামনে সেবাপ্রার্থীরা -সংবাদ

ঝালকাঠিতে ছয় মাস ধরে ভ্যাকসিন সংকট, বাড়ছে জলাতঙ্কের ঝুঁকি

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠি জেলায় গত ছয় মাস ধরে জলাতঙ্কের প্রতিষেধক ভ্যাকসিন সংকট দেখা দিয়েছে। শুধু হাসপাতালগুলোতেই নয়, বাইরের ফার্মেসিতেও পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না জলাতঙ্কের ভ্যাকসিন। ফলে ঝুঁকিতে রয়েছেন বিড়াল ও কুকুরে কামড়ানো রোগীরা। কবে নাগাদ ভ্যাকসিন আসবে, তাও বলতে পারছেন না কর্তৃপক্ষ। বিড়ালের কামড়ে র‌্যাবিক্স ভাইরাস ছড়িয়ে ইতিপূর্বে একজনের মৃত্যু হওয়ায় এ আতঙ্ক আরো বেড়েছে।

অল্প সমেয়র মধ্যে ভ্যাকসিন সংকট দূর করা না হলে কুকুর-বিড়ালে কামড়ানো মানুষের শরীরে র‌্যাবিক্স ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এতে মৃত্যুঝুঁকিতে পড়তে পারেন তারা। তাই অবিলম্বে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

ঝালকাঠি জেলায় প্রায় ছয় লাখ মানুষের বসতি। ঝালকাঠি সদর হাসপাতালসহ অন্য তিনটি উপজেলায় তিনটি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। গত ছয় মাস ধরে এ হাসপাতালগুলোতে জলাতঙ্কের ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। বিড়াল ও কুকুরে কামড়ানো রোগীরা ভ্যাকসিন নিতে এসে, হাসপাতালে না পেয়ে ফিরে যাচ্ছেন। চিকিৎসকরা বাইরের ফার্মেসি থেকে কিনে আনার পরামর্শ দিচ্ছেন কিন্তু ফার্মেসিতেও পাওয়া যাচ্ছে না এ ভ্যাকসিন।

সরবরাহ না থাকায় হাসপাতালে এবং বাইরের ওষুধের দোকানে জলাতঙ্কের ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। এতে র‌্যাবিক্স ভাইরাস ছড়িয়ে জলাতঙ্কের ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন অনেকেই।

সম্প্রতি বিড়ালের কামড়ে ভ্যকসিন না পেয়ে শরীরে র‌্যাবিক্স ভাইরাস ছড়িয়ে শহরের পূর্ব কাঠপট্টি এলাকায় মনিরুজ্জামান মান্না নামে এক যুবকের মৃত্যু হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে জেলাজুড়ে। হাসপাতালে ভ্যাকসিন নিতে আসা কয়েকজন জানান বিড়াল ও কুকুরে কামড়ালে সহযেই বিনামূল্যে স্থানীয় হাসপাতাল থেকে ভ্যাকসিন দেওয়া হতো। এখন হাসপাতাল ও ওষুধের দোকানে ভ্যাকসিন না পাওয়ায় বিভাগীয় শহর বরিশাল থেকে বেশি দামে জলাতঙ্কের ভ্যাকসিন কিনতে হচ্ছে আক্রান্তদের। অনেকে টাকার অভাবে ভ্যাকসিন দিতে না পেরে ঝুঁকির মধ্যে রয়েছেন।

ভ্যাকসিন দিতে না পারা কয়েকজন জানান হাসপাতালে পর্যাপ্ত না থাকলেও কিছু মজুদ আছে বলে জানিয়েছেন ঝালকাঠি সদর হাসপাতালের চিকিৎসক আবুয়াল হাসান। যাদের কেনার সামর্থ্য নেই, কেবল তাদেরকেই এটা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তবে কবে নাগাদ ভ্যাকসিন সরবরাহ করা হবে, তা বলতে পারছেন না কর্তৃপক্ষ। ভ্যাকসিনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন এই চিকিৎসক।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি