রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিজিবি সদস্যদের সীমান্ত এলাকায় তৎপর রাখা হয়েছে ও নির্বাচনী এলাকায় স্ট্রাইকিং রিজার্ভসহ ৭শ বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। গত শুক্রবার বিজিবি সদর দপ্তরে বেলা ১১টায় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এছাড়া তিনি বলেন জাতীয় সংসদ নির্বাচন ও সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার রোধে বিজিবি মাদকবিরোধী অভিযান চলমান রাখা হয়েছে। তারই অংশ হিসেবে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)র আওতায় খিদিরপুর, শাহাপুর, ইউসুফপুর, মীরগঞ্জ, তালাইমারী, চরমাজারদিয়া, চারঘাট বিকল্প ও সোনাইতান্দি বিওপির সদস্যগন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৯ বোতল ভারতীয় মদ, ট্যাপেনটাডল ট্যাবলেট ৩শত ৯৭ পিস, ইলেকট্রিক রেজিস্টেন্স ১০ হাজার পিস, এলইড লাইট ১ হাজার পিস, ১৯৩ বোতল নেশা জাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।
এছাড়া একইদিন ভোর সাড়ে ৫টায় মীরগঞ্জ এলাকার বাঘা থানার পিরোজপুরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে নম্বরবিহীন বাইকসহ ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি জব্দ করেছে। আটককৃত অস্ত্র গোলাবারুদ মাদকদ্রব্য ও বাইক সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।
তিনি আরোও জানান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় ১টি সিটি কর্পোরেশন, ৯টি উপজেলায় ৬টি সংসদীয় আসনে ১০টি বেইজ ক্যাম্পে ২৮ প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স, কে-৯ সদস্য, পদ্মা নদীতে ৭টি স্পিডবোড এবং ফাষ্ট প্রেট্রোল ক্রাপট, সীমান্তবর্তী ১৬পি বিওপির প্রতিটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভসহ ৭শ বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এ সময় ১ বিজিবির সহকারী পরিচালক মো. সোহাগ মিলনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।