যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, তাদের কাছে দেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদরের দেবদারুতলার মাঠে বিএনপির নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘একটি দল এই নির্বাচনে সমস্যা তৈরি করছে। এই দলটি বিশ্বাসযোগ্য নয়। একাত্তরে এই দলটি আমাদের স্বাধীনতায় বিরোধিতা করেছিল। তারা এ দেশের মানুষের কল্যাণ চায় না বলেই বাংলাদেশের স্বাধীনতায় বিরোধিতা করেছে।’
‘পত্রিকায় দেখলাম, হেফাজতের আমির বলেছেন, জামায়াতে ইসলামীকে ভোট দেয়া জায়েজ নয়। চরমোনাই পীর সাহেব তাদের থেকে বেরিয়ে বললেন, এর চেয়ে মিথ্যাবাদী দল আর নেই। আমাদের বলতে হয় না, তাদের সাথে যারা ছিল, তারাই বলছে দলটি কেমন,’ যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছে, তারা জানে এই দলটির রগকাটা অভ্যাস আছে। আমরা জানি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কীভাবে তারা হত্যার পর হত্যা করে গেছে। আমাদেরকে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। কোনো মতেই আমরা এই নির্বাচনকে বানচাল হতে দিতে পারি না।’ বিএনপিই পারে একমাত্র স্থিতিশীল অর্থনীতি বিনির্মাণ করতে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে বলেও দাবি করেন মির্জা ফখরুল।
ফখরুল বলেন, জামায়াতে ইসলামীর সেই ভূমিকা কোনো দিনই ছিল না। ভবিষ্যতে তারা সেটি করতেও পারবে না।
তিনি কৃষি কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিএনপির উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।
পরে তিনি ধানের শীষ পঞ্চগড়-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেন। এরপর তিনি একই আসনের বোদা উপজেলায় ধানের শীষের জনসভায় যোগ দেন।
বিজ্ঞান ও প্রযুক্তি: দেশে প্রথম এমভিএনও ট্রিপল প্লে সেবা চালু
অর্থ-বাণিজ্য: ভোটের আগেই বাজারে হাঁফিয়ে উঠেছেন ভোটাররা