ফরিদপুর সদর উপজেলার আলিপুরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও বিদেশি পিস্তলসহ এক দুর্বৃত্তকে আটক করা হয়ে। আটক শুভ মোল্লা (৩০) এলাকার পরিচিত মাদক কারবারি বলে জানা গেছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও স্থানীয় পুলিশের যৌথ বাহিনী এ অভিযান চালায়।
অভিযানে শুভ মোল্লাকে আটক করা হয়। তার দেহ তল্লাশি ও স্থান তদন্ত করে একটি ৭.৬৫ মিমি. ক্যালিবারের বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি ব্যবহারকৃত গুলির খোলস এবং ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক আসামি ও উদ্ধার করা অস্ত্র-মাদক ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সেনাসূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী অভিযানে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলবে। এ ক্ষেত্রে সঠিক তথ্য দিয়ে বাহিনীকে সহায়তা করার জন্য সাধারণ নাগরিকদেরও আহ্বান জানানো হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি: দেশে প্রথম এমভিএনও ট্রিপল প্লে সেবা চালু
অর্থ-বাণিজ্য: ভোটের আগেই বাজারে হাঁফিয়ে উঠেছেন ভোটাররা