image

বাগেরহাটের ৪টি নির্বাচনী আসনের ৪০৯টি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট

বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের ৪০৯টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। জেলার মোট ৫৪৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১৮৬টি ভোটকেন্দ্রকে উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর ঝুঁকিপূর্ণ ২২৩টি এবং ঝুঁকি ছাড়া সাধারণ ভোটকেন্দ্র মাত্র ১৩৮টি। তবে জেলার সব ভোটকেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়েছে স্থানীয় প্রশাসন। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। বাগেরহাটে শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন সংশ্লিষ্টরা। বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, বলেন, সিসিটিভি ক্যামেরা স্থাপন করে ভোটকেন্দ্রটিকে পুরোপুরি সিসি ক্যামেরার আওতায় নিয়েছে কর্তৃপক্ষ। নির্বাচন সংশ্লিষ্টরা ভালোভাবে ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবে। সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট গ্রহণে সহায়ক হবে বলে মনে করছেন এই কর্মকর্তা। বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন গতকাল রবিবার জানান, বাগেরহাটের ৪টি আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে। বাগেরহাটে মোট ৫৪৭টি ভোটকেন্দ্রে ভোট হবে। এরমধ্যে ১৮৬টি ভোটকেন্দ্র উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত ২২৩টি এবং ঝুঁকি ছাড়া সাধারণ ভোটকেন্দ্র ১৩৮টি। সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এবারে প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে এর মধ্যে ৩ জন থাকবে সশস্ত্র। থাকবে সশস্ত্র পুলিশ সদস্য। এ ছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড ও র‌্যাব নিরাপত্তায় নিয়োজিত থাকবে। বাগেরহাটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট উপহার দিতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান এই কর্মকর্তা। প্রসঙ্গত বাগেরহাটের ৪টি আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ মোট ২৩ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি