কক্সবাজারের চকরিয়া পৌরসভার জালিয়াপাড়া এলাকায় মাতামুহুরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনে ছড়িয়ে পড়া পানিতে তলিয়ে গেছে চলমান জাইকার ড্রেনেজ উন্নয়ন কাজের অবকাঠামো। শনিবার ভোরে কতিপয় বালু ব্যবসায়ী চক্র কর্তৃক বালুর গলেপড়া পানিতে কাজের স্থানটি তলিয়ে যাওয়ার কারণে উন্নয়ন কাজ বন্ধ হয়ে পড়েছে। এ অবস্থায় কাজে নিয়োজিত শ্রমিকরা সারাদিন কাজ করতে পারেনি। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান। তিনি বলেন, জাইকার অর্থায়নে ২২ কোটি টাকা বরাদ্দে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড জালিয়াপাড়া অংশে ১৩শ মিটার দৈর্ঘ্য আধুনিকমানের ড্রেন এবং ৪০০ মিটার প্রতিরক্ষা ব্লক স্থাপনের কাজ চলছে। ইতোমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইমু কন্ট্রাকসন ব্যাপকভাবে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছেন।
জাইকার উন্নয়ন কাজে নিয়োজিত শ্রমিক মাঝি মনোয়ার হোসেন বলেন, গত শনিবার ভোরে পাশের বালু পয়েন্ট থেকে গলেপড়া পানিতে আমাদের কাজের স্থানটি ডুবে গেছে। এ অবস্থার কারণে উন্নয়ন কাজ বন্ধ হয়ে গেছে। গত শনিবার সারাদিন কাজ করতে পারেনি ৪২ জন শ্রমিক।
তিনি বলেন, ঘটনাটি শনিবার সকালে চকরিয়া পৌরসভার প্রকৌশলীকে জানানো হয়েছে। তার নির্দেশে একজন উপসহকারী প্রকৌশলী ঘটনাস্থলে এসে কাজের পরিস্থিতি দেখে গেছেন।
স্থানীয় এলাকাবাসী জানান, চকরিয়া পৌরসভার জালিয়াপাড়া অংশে চলমান ড্রেনেজ উন্নয়ন কাজের একেবারে লাগোয়া কতিপয় লোকজন মাতামুহুরী নদী থেকে সেলো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। বালুর গলেপড়া পানিতে উন্নয়ন কাজ বন্ধ হয়ে পড়ার কারণে এলাকাবাসীর মনে শঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় আবদুল মোনাফ ও রুহুল কাদের বলেন, উন্নয়ন কাজের পাশাপাশি এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না গেলে চকরিয়া পৌরসভা কতৃক জাইকার অর্থায়নে নেয়া ড্রেনেজ উন্নয়ন কাজ যথাসময়ে সম্পন্ন হবে না। তাতে এলাকার শত শত পরিবার আগামী বর্ষা মৌসুমে পানি নিস্কাশন নিয়ে চরম দুর্ভোগের সম্মুখীন হবে। এ ব্যাপারে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে চকরিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, জাইকার অর্থায়নে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজটি জনস্বার্থ সংশ্লিষ্ট। তাই বিষয়টি খোজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অর্থ-বাণিজ্য: ইন্টারনেট ব্যাংকিং ৪ দিন বন্ধ থাকবে
অর্থ-বাণিজ্য: উত্তরা ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক
অর্থ-বাণিজ্য: সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি