গ্রামে ছুটছেন ভোটাররা, পথে পথে দুর্ভোগ

সংবাদ অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গ্রামে গিয়ে ভোট দিতে রাজধানী ছাড়ছেন হাজার হাজার মানুষ। কারখানায় নির্বাচন ঘিরে ছুটি ঘোষণা করায় বাড়ি ফিরছেন বিপুল সংখ্যক শ্রমজীবী। তবে যানবাহনের চাপে বেশি সময় লাগছে। যাত্রীদের ভিড়ের কারণে বেশি ভাড়া আদায় করছেন বাস মালিক ও শ্রমিকরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল থেকেই বিভাগ ও জেলামুখী সড়কে যানবাহনের ব্যাপক চাপ দেখা গেছে। গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি যানবাহন দেখা গেছে।

এদিকে, আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই গাজীপুরের চন্দ্রা, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ী এলাকায় দীর্ঘ সারিতে বাস, ট্রাক, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহন দাড়িয়ে থাকতে দেখা গেছে। সড়ক মহাসড়কে যানবাহনের চাপ বেশি থাকায় গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগছে। এতে দুর্ভোগে পড়েছেন ঘরমুখী যাত্রীরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকার ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করলেও শিল্পাঞ্চলের শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করতে আজ মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সোমবার কারাখানায় আগে ভাগেই কাজ শেষ করে গ্রামে ফিরতে শুরু করেন শ্রমিকরা।

https://sangbad.net.bd/images/2026/February/10Feb26/news/%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%AE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4.JPG

তবে ঘরমুখী যাত্রীদের অভিযোগ, ভিড়ের সুযোগে বাস মালিক ও শ্রমিকরা বাড়তি ভাড়া আদায় করছেন। নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি টাকা দাবি করা হচ্ছে। গন্তব্যে পৌঁছানোর জন্য বাধ্য হয়ে অতিরিক্ত টাকা খরচ করেই বাসে উঠছেন সাধারণ মানুষ।

গাজীপুরের চন্দ্রা বাসস্ট্যান্ডে হান্নান নামের পোশাকশ্রমিক বললেন, সরকার ছুটি দিয়েছে। তাই ভোট দেওয়ার জন্যই গ্রামে যাচ্ছি। তবে বাসের ভাড়া বেশি চাচ্ছে। ২০০ টাকার ভাড়া চাচ্ছে ৩৫০-৪০০ টাকা পর্যন্ত। বাধ্য হয়েই বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, পুলিশের সব সদস্য নির্বাচনের দায়িত্ব পালনে ব্যস্ত। তাদের সংখ্যা খুবই কম হওয়ায় চন্দ্রাসহ আশপাশের এলাকায় থেমে থেমে যানবাহন চলাচল করছে। স্বল্পসংখ্যক পুলিশ সদস্য দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

https://sangbad.net.bd/images/2026/February/10Feb26/news/%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BE.JPG

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দিতে অনেকে সোমবার বিকেলে আর বাকিরা আজ মঙ্গলবার সকাল থেকে গ্রামে ফিরছেন।

ছুটির প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১১ ও ১২ ফেব্রুয়ারি সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি কার্যকর থাকবে।

‘সারাদেশ’ : আরও খবর

» দুই বাসের সংঘর্ষে নিহত ২

» নিখোঁজের পাঁচ দিন পর পদ্মায় ভেসে উঠলো যুবকের লাশ

সম্প্রতি