image

কারচুপিমুক্ত নির্বাচনের অঙ্গীকার স্বরাষ্ট্র উপদেষ্টার

সংবাদ অনলাইন রিপোর্ট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে যে অনিশ্চয়তা ও শঙ্কার মেঘ জমেছিল, তা উড়িয়ে দিয়ে এক "বলিষ্ঠ ও আশাবাদী" বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে তি‌নি এমন বার্তা দেন।

তিনি সংবাদমাধ্যমকে জানান, এবারের নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের সুযোগ বা অবকাশ নেই।

ফরিদপুর অঞ্চলের পাঁচটি জেলার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সাথে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পর তিনি একটি অত্যন্ত স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

​উপদেষ্টা তাঁর বক্তব্যে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নিশ্ছিদ্র প্রস্তুতির চিত্র তুলে ধরেন। তিনি স্পষ্ট করেন, প্রতিটি নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সুনির্দিষ্ট ও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

কারচুপির আশঙ্কা নাকচ করে দিয়ে তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, এবারের ভোট হবে সম্পূর্ণ স্বচ্ছ এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে প্রশাসন তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি গণমাধ্যম ও সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, কোথাও কোনো বিচ্যুতি চোখে পড়লে তা সরাসরি কর্তৃপক্ষকে জানাতে হবে। সরকারের মূল লক্ষ্য কেবল একটি আইনি প্রক্রিয়া সম্পন্ন করা নয়, বরং জনমতের প্রকৃত প্রতিফলন ঘটে এমন একটি "ক্রেডিবল" বা বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা।

​বিদ্যমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানান, প্রতিটি স্তরে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভীতিমুক্ত পরিবেশে ভোটাররা কেন্দ্রে আসতে পারবেন এবং অ‌নেক‌দিন পর দেশ একটি প্রকৃত উৎসবমুখর নির্বাচন দেখ‌বে।

প্রশাসনের সকল স্তরে নিরপেক্ষতার ওপর জোর দিয়ে তিনি ব‌লেন, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়। আজকের এই মতবিনিময় সভাটি মূলত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নির্বাচনী পরিবেশকে স্থিতিশীল রাখার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

সম্প্রতি