বরগুনার পাথরঘাটা উপজেলার সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। তবে হামলার আশঙ্কা মনে করে বারবার প্রশাসনকে দুর্বৃত্তদের ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করার পরেও, প্রশাসন কোন পদক্ষেপ না নেওয়ার কারণে সাবেক এমপির ওপর এ নগ্ন হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। পাথরঘাটার নতুন বাজার সংলগ্ন তার নিজ বাসা থেকে পাথরঘাটা শহরে আসার পথে তিনি এ হামলার শিকার হন। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বেলা সাড়ে ৩টার দিকে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, পাথরঘাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডের নতুন বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন নিজ বাসা থেকে সাবেক সংসদ সদস্য গোলাম সারোয়ার হিরু নিজে মোটরসাইকেল চালিয়ে বাসা থেকে বাজারের উদ্দেশ্যে রওনা হন। এ সময় বাসা থেকে তার নিজ বাসার রাস্তা পার হয়ে প্রধান সড়কে আসতেই পূর্ব থেকেই ওঁত পেতে থাকা তিন থেকে পাঁচজনের সন্ত্রাসী বাহিনী স্টিল পাইপ ও লোহার রড দিয়ে ডান হাত ও ডান পায়ে পিটিয়ে থেতলে দেওয়া হয়। এতে তার শরীরের বেশ কয়েক অংশে গুরুতর জখম হয়েছে। এ সময় মোটরসাইকেলেও আঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হামলার বিষয়ে জানতে চাইলে সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর এর স্ত্রী পাথরঘাটা উপজেলাধীন কালমেঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূর আফরোজ হেপী বলেন, গত কয়েকদিন ধরেই বাসার সামনে ও আশপাশ এলাকায় অবস্থান নিয়ে হামলা করার প্রস্তুতি নিয়ে ছিল সন্ত্রাসীরা । যা আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছিল। তারপরও সাবেক সংসদ সদস্যের ওপর কেন এ হামলা। এ ঘটনায় যারা জড়িত অনতিবিলম্বে সেই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। নূর আফরোজ হেপী এ হামলার জন্য প্রশাসনকে দায়ী করে বলেন বারবার প্রশাসনকে অবহিত করার পরেও তারা কোন ব্যবস্থা না নেয়ার কারণেই একজন সাবেক এমপির ওপরে এই নগ্ন হামলার ঘটনা ঘটাতে সন্ত্রাসীরা সাহস পেয়েছে।
এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, ঘটনাটি শুনেছেন আমিও শুনেছি। এ বিষয়ে ভুক্তভোগীদের সাথে কথা হয়েছে তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগ দিলে অভিযোগের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।