আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলায় ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৮৪টি কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ১ হাজার ৯২ জন আনসার ও ভিডিপি সদস্য। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে গতকাল সোমবার উপজেলা পরিষদ মাঠে তাদের নিয়ে বিশেষ নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
ডিমলা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ ব্রিফিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত আলী সরকার। এ ছাড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ফারুক হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন। আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব শুধু নিরাপত্তা প্রদান নয়, বরং ভোটারদের আস্থা অর্জন করে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করা।
তিনি আরও বলেন, ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গুজব প্রতিরোধ, অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। ওসি মো. শওকত আলী সরকার নির্বাচনী আচরণবিধি, দায়িত্ব বণ্টন, জরুরি পরিস্থিতিতে করণীয়, ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থাপনা ও সমন্বিত নিরাপত্তা কাঠামো বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
ব্রিফিং শেষে সদস্যদের সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয় এবং একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।