রাজবাড়ীর গোয়ালন্দে মোটর সাইকেল দূর্ঘটনায় শিথিল বিশ্বাস সেতু (২৫) নামের এক তরুণ মারা গেছেন।
সে গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ড বিজয় বাবুর পাড়া পাড়ার বাসিন্দা, গোয়ালন্দ বাজারের সেতু জুয়েলার্সের মালিক কমল বিশ্বাসের ছেলে। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে গোয়ালন্দ বাজারের প্রধান সড়কের পাশে সাবেক পৌর মেয়র নজরুল মন্ডলের বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনার পর স্হানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্হা আশংকাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পর পথিমধ্যেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেতু দ্রুত গতিতে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি অটো রিক্সার সাথে সংঘর্ষ হয়। এতে সে ছিটকে রাস্তার উপর পড়ে গেলে মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। এ সময় স্হানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
মৃত সেতুর শ্বশুর গোয়ালন্দের দৌলতদিয়া বাজারের স্বর্ণ ব্যবসায়ী রঞ্জিত কুমার পোদ্দার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সেতু বছর খানেক আগে আমার মেয়েকে বিয়ে করে। মোটরসাইকেল দুর্ঘটনায় আজ মৃত্যু বরণ করে।