বাগেরহাট-পিরোজপুর সড়কে জ্বালানিবোঝাই ট্রলির সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছেন ভ্যানচালক। এ সময় ট্রলিচালকসহ ৪ জন ভ্যানযাত্রী আহত হয়েছেন। নিহত ভ্যানচালক মো. কামরুল ইসরাম (৩৭) বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের ভাতশালা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। আর এ ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার দড়াটানা ব্রিজ-সংলগ্ন চিংড়ি গবেষণা ইনস্টিটিউটের সামনে। দুঘর্টনার সঙ্গে সঙ্গেই পাশে থানা সেনা ক্যাম্পের সদস্যরা ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক কামরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে রনি হাওলাদার নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অপর আহত ভ্যানযাত্রী শরীফুল ডাকুয়া, সোহেল মৃধা ও আউয়াল সরদারকে বাগেরহাট জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ সড়ক দুর্ঘটনার খবর জানিয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. মাসুম খান বলেন, জ্বালানি কাঠবোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।