চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে। মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ভোরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বিজিবি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র, গোলাবারুদ ও চোরাচালান রোধে বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নে প্রেস ব্রিফিংকালে ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মাসুদপুর বিওপির একটি টহলদল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ ৩৪টি পিস্তল, ২টি রাইফেল, ৩৮টি ম্যাগাজিন, ৬৪৫ রাউন্ড গুলি, ২টি মর্টার শেল, ১টি ককটেল, ৪টি হ্যান্ড গ্রেনেড, ২০ কেজি গান পাউডার এবং ৫৪টি অন্যান্য অস্ত্র জব্দ করে। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক ১ জন আসামিসহ ৯.৩ কেজি বিস্ফোরক, ৬টি বিদেশি পিস্তল, ১৩টি ম্যাগাজিন ও ২৯ রাউন্ড গুলি জব্দ করে। তিনি আরও জানান, নির্বাচনকে সামনে রেখে দুষ্কৃতকারীরা যাতে বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতার পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।