চট্টগ্রাম-১৩ আসনে আনোয়ারা উপজেলার একটি ভোটকেন্দ্র থেকে দুটি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা উধাও হয়ে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তার জানিয়েছেন, বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে স্থাপিত দুটি সিসি ক্যামেরা চুরি হয়েছে। ক্যামেরা দুটি প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে। ইউএনও আরও জানান, আমার কাছে ফুটেজ এসে পৌঁছালে কে বা কারা এ কাজের সঙ্গে জড়িত তাদের শনাক্ত করা সম্ভব হবে।
প্রসঙ্গত, আনোয়ারার বৈরাগ ইউনিয়নের পূর্ব বৈরাগ খলিপাড়া ৯ নম্বর ওয়ার্ডের এ ভোট কেন্দ্রটির ভোটার সংখ্যা ৩ হাজার ৪১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৭২২ এবং নারী ভোটার ১ হাজার ৭০৯ জন।