ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের পীরগাছায় ভোট গ্রহণ কর্মকর্তা (প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা) নিয়োগে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ উপজেলায় প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা নিয়োগে দক্ষ ও অভিজ্ঞদের বাদ দিয়ে নন এমপিওভুক্ত শিক্ষক, বিভিন্ন প্রকল্পের কর্মচারী, সাবেক ছাত্রলীগ ও আওয়মীলীগ নেতাদের নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অভিযোগে জানা গেছে, প্রথম শ্রেণির (৯ম থেকে ৬ষ্ঠ গ্রেড) শিক্ষক-কর্মকর্তা প্রায় ৩০০ জন থাকা সত্ত্বেও মাত্র ৯০ জন প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগে দ্বিতীয় শ্রেণিসহ প্রকল্পের প্রায় ১৫ জন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এর মধ্যে ১০ গ্রেডের কর্মকর্তা ফরহাদ হোসেনকে চৌধুরাণী উচ্চ বিদ্যালয়ে, আব্দুস সালামকে মকরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, মকুল চন্দ্র রায়কে তালুক কান্দি হাজি মহসিনিয়া দাখিল মাদরাসায় ও নুরুজ্জমান মিয়াকে চৌধুরানী ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে। এছাড়া প্রাণিসম্পদ বিভাগের এলডিডিপি প্রকল্পের তৌহিদুল ইসলামকে পাঠক শিকড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলমকে পারুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও অন্নদানগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেনকে দুদিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। চর রহমত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবাস চন্দ্রের বিরুদ্ধে জাল সনদে চাকরি করার অভিযোগ তদন্ত চলমান রয়েছে। তাকে বালাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে।
এদিকে পোলিং কর্মকর্তা নিয়োগেও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ নেতার ছোটভাই সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমানকে বিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, আওয়ামী লীগ নেত্রী জেসমীন বেগমকে বড় দরগাহ্ উচ্চ বিদ্যালয়ে, আওয়ামী লীগ নেতা সেলিম রেজাকে সিদামহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যক্ষ্মা প্রকল্পের এমটি ল্যাব আফসানা আক্তারকে শরিফ সুন্দর দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে, প্রাণিসম্পদ বিভাগের এলডিডিপি প্রকল্পের মাজহারুল আল আমিনকে মহিষমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, পল্লী দারিদ্র বিমোচন প্রকল্পের রেজওয়ান খাতুন, শাহীনুর ইসলাম, মোস্তাফিজার রহমান, এলডিডিপি প্রকল্পের এলএফএ ফাসিউল ইমলাম ও ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের রেবা আক্তারকে পোলিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কম্পিউটার অপারেটর আনোয়ারুল ইসলাম, কমিউনিটি অর্গানাইজার শ্যামলি বেগম, নন-এমপিওভুক্ত শিক্ষক পঙ্কজ কুমার রায় ও আব্দুল আখেরকে পোলিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
বিআরডিবির প্রকল্পের আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান ও ইটাকুমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ফারুক আহমেদকে সহকারী শিক্ষক দেখিয়ে পোলিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এছাড়া প্রশিক্ষণরত ও অসুস্থ শিক্ষকদেরও জোরপূর্বক দায়িত্ব দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিগত কয়েকটি নির্বাচনে বিতর্কিত কর্মকর্তাদেরও এই নির্বাচনে কৌশলে দায়িত্ব প্রদান করা হয়েছে।
মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া দীর্ঘদিন থেকে পীরগাছায় চাকরি করার কারণে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। সেই সিন্ডিকেটের সহযোগীয় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে যাচ্ছেন। নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগেও এই সিন্ডিকেট সক্রিয় ভূমিকা পালন করেছে।
সারাদেশ: রংপুরে লাভজনক কলা চাষে ঝুঁকছে কৃষক